পাকিস্তান যে শাকসগাম উপত্যকা অঞ্চলটি চিনের কাছে হস্তান্তর করেছে, সেখানে রাস্তা ও সামরিক পরিকাঠামো উন্নয়নের খবরে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শাকসগাম উপত্যকা ভারতের ভূখণ্ড এবং এই অঞ্চলে চিনের কোনও কর্মকাণ্ড ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী।
তিনি স্পষ্ট করে বলেন, ১৯৬৩ সালের তথাকথিত চিন-পাকিস্তান সীমান্ত চুক্তিকে ভারত কখনও স্বীকৃতি দেয়নি এবং সেটি সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। একই সঙ্গে তিনি জানান, জম্মু ও কাশ্মীরের ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়া চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি-কে ভারত স্বীকৃতি দেয় না।
রণধীর জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী, সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার দেশ সংরক্ষণ করে।
