27 C
Kolkata
March 11, 2026
রাজ্য

গ্যাসের আকাল, কালোবাজারির অভিযোগে বনগাঁয় গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার ১৮ সিলিন্ডার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার বাংলার হেঁশেলেও পড়তে শুরু করেছে। সম্প্রতি রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় গ্যাসের জোগান নিয়েও সমস্যা দেখা দিয়েছে। ফলে গ্যাস পেতে সকাল থেকেই ডিলারদের সামনে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী কালোবাজারি শুরু করেছে বলে অভিযোগ উঠছে। সেই অভিযোগের ভিত্তিতেই বনগাঁ এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধভাবে গ্যাস মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিশু শেখ। বুধবার সকালে গোপালনগর থানার পুলিশ এবং বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথভাবে অভিযান চালায় গোপালনগর এলাকায়। সেই সময় বিশু শেখের বাড়ি থেকে ১৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পাশাপাশি আরও কিছু আনুষঙ্গিক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, আইনকে উপেক্ষা করে অটোতে গ্যাস ভরার কাজ করত ধৃত ব্যক্তি। সেই কারণেই এতগুলি গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান জারি থাকবে। বর্তমান গ্যাস সঙ্কটের পরিস্থিতিতে যাতে কালোবাজারি রোখা যায়, সে বিষয়েও কড়া নজর রাখা হচ্ছে।

Related posts

Leave a Comment