21 C
Kolkata
March 21, 2026
খেলা

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৩২ ধাপ লাফ ইশান কিশানের, এক নম্বর অলরাউন্ডার সাইম আইয়ুব

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক সিরিজের সুবাদে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিনি ৩২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন। তিন ম্যাচের সিরিজে ২০৭ রান করেন ইশান, যার মধ্যে ছিল তাঁর কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও উন্নতি করেছেন। তিনি পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে পিছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে ওপেনার অভিষেক শর্মা ব্যাটার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন।

এদিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি সিকান্দার রাজাকে সরিয়ে এক নম্বর হন। ২৩ বছর বয়সি এই ক্রিকেটার সিরিজে ১১৯ রান করার পাশাপাশি তিনটি উইকেটও নিয়েছেন। ওই সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল।

পাকিস্তানের স্পিনার আবরার আহমেদও উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং শীর্ষে থাকা বরুণ চক্রবর্তীর থেকে মাত্র ২৮ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ পাঁচ উইকেট নেওয়ার সুবাদে আট ধাপ এগিয়ে বোলারদের তালিকায় সপ্তম স্থানে পৌঁছেছেন।

অন্যদিকে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ দুই ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে উঠেছেন এবং নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার আট ধাপ এগিয়ে যৌথভাবে ২৩ নম্বরে রয়েছেন। ব্যাটারদের শীর্ষ দশেও একাধিক পরিবর্তন দেখা গেছে। ইংল্যান্ডের জস বাটলার উঠে এসেছেন তিন নম্বরে, শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা পঞ্চম এবং নিউজিল্যান্ডের টিম সাইফার্ট নবম স্থানে জায়গা করে নিয়েছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন ৪২ ধাপ লাফিয়ে ৪০ নম্বরে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ১৬ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন। প্রোটিয়াস তারকা কুইন্টন ডি কক শতরান করার সুবাদে ১৫ ধাপ উন্নতি করে ২২ নম্বরে অবস্থান করছেন।

Related posts

Leave a Comment