অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পাশে দাঁড়ালেন ভারতের ব্যাটিং কোচ সীতানশু কোঠাক। তিনি বলেন, বৃষ্টির কারণে বারবার খেলা থেমে যাওয়ায় তাঁদের তাল কেটে যায়, তাই তাঁদের পারফরম্যান্সকে এখনই কঠোরভাবে বিচার করা উচিত নয়।রোহিত ও কোহলি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। পার্থে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে রোহিত ১৪ বলে মাত্র ৮ রান করেন এবং কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের জন্য ‘ডাক’-এ আউট হন। শেষে ডিএলএস পদ্ধতিতে অজিরা ৭ উইকেটে জিতে নেয় ম্যাচটি।দ্বিতীয় ওয়ানডের আগে অ্যাডিলেডে সাংবাদিক সম্মেলনে কোঠাক বলেন,
“ওরা খুবই অভিজ্ঞ। আবহাওয়া বিরক্তিকর ছিল। একই সমস্যা অস্ট্রেলিয়ারও হত। বারবার মাঠে ঢোকা-বেরোনোতে ছন্দ নষ্ট হয়ে যায়। তাই এত তাড়াতাড়ি ওদের বিচার করা ঠিক নয়। সিরিজ শুরুর আগে যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছে ওরা।”তিনি জানান, দুজনেই নিয়মিত এনসিএ-তে ট্রেনিং করেন এবং তাঁদের ফিটনেস ও প্রস্তুতি সম্পর্কে টিম ম্যানেজমেন্ট ওয়াকিবহাল।পূর্ব ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও রিকি পন্টিংও আইসিসি রিভিউতে একই মত দেন— দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলে ছন্দ পেতে কিছুটা সময় লাগে, তবে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কখনও সহজে বাতিল করা উচিত নয়।
কোঠাকের ভাষায়,“এমন সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে সব সময় হস্তক্ষেপ করাটা সঠিক নয়। কখন কথা বলতে হবে, সেটা বুঝে নিতে হয়। ওরা কী করছে আমরা জানি, এবং প্রস্তুতিও যথেষ্ট।”এই ম্যাচটি রোহিত- কোহলির টেস্ট থেকে অবসর ঘোষণা করার পর প্রথম আন্তর্জাতিক উপস্থিতি ছিল। তবে দুজনেরই প্রত্যাবর্তন প্রত্যাশামাফিক হয়নি— রোহিতকে জোশ হ্যাজলউড ও কোহলিকে মিচেল স্টার্ক ফেরান।
