February 13, 2026
টিভি-ও-সিনেমা

‘ডন ৩’ নিয়ে গুঞ্জনে ইতি টানলেন হৃতিক, রণবীরকে বদলে তাঁকে নেওয়ার দাবি সম্পূর্ণ ভুয়ো

বলিউডে গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন ছড়িয়েছিল, বহু প্রতীক্ষিত ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের জায়গায় নাকি হৃতিক রোশনকে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই শুরু হয় জল্পনা, বিতর্ক ও ভক্তদের তর্কযুদ্ধ। তবে শেষ পর্যন্ত নিজেই মুখ খুলে সমস্ত জল্পনায় ইতি টানলেন হৃতিক।

অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে এই ছবির জন্য কখনও যোগাযোগই করা হয়নি। সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব থেকেই এমন খবর ছড়িয়েছে বলে জানান তিনি। পাশাপাশি যাচাই না করে খবর প্রকাশ না করার জন্য সংবাদমাধ্যমের প্রতিও আবেদন জানান হৃতিক।

উল্লেখ্য, ২০২৩ সালের অগস্টে পরিচালক ফারহান আখতার একটি স্টাইলিশ ঘোষণা ভিডিওর মাধ্যমে রণবীর সিংকে ‘ডন ৩’-এর নতুন মুখ হিসেবে সামনে আনেন। টিজারে রণবীরকে পিঠ ফিরে বসে থাকতে, সিগারেট জ্বালাতে এবং নিজেকে ‘ডন’ হিসেবে পরিচয় দিতে দেখা যায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে।

এই চরিত্রটি অতীতে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো তারকাদের অভিনয়ে জনপ্রিয়তা পেয়েছিল। ফলে নতুন ডন হিসেবে রণবীরের নাম ঘোষণাই ছিল বড় চমক।
তবে সম্প্রতি শোনা যায়, প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে রণবীরের সম্পর্কের টানাপোড়েনের জেরে নাকি তিনি প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও এই বিষয়ে রণবীর বা প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

ফলে আপাতত ‘ডন ৩’-এর কাস্টিং নিয়ে ধোঁয়াশা কাটেনি। হৃতিকের স্পষ্ট বক্তব্যের পর অন্তত এটুকু পরিষ্কার, এই ছবিতে তাঁর অভিনয়ের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।

Related posts

Leave a Comment