23 C
Kolkata
February 4, 2026
দেশ

দিশা পাটানির বাড়ির বাইরে গুলির শব্দ, ধর্মীয় অবমাননার অভিযোগ

বারেলি, শনিবার ভোর: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে হঠাৎ গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশের বারেলিতে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত সাড়ে চারটা নাগাদ সিভিল লাইনস এলাকার ওই ভিলার বাইরে দু’দফায় আকাশে গুলি চালানো হয়। সৌভাগ্যবশত, কেউ আহত হননি। তবে ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে সরাসরি দায় স্বীকার করে গোল্ডি ব্রার গ্যাং লিখেছে, দিশা পাটানি ও তাঁর পরিবার নাকি ধর্মীয় গুরু প্রেমানন্দ মহারাজঅনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন।

হুমকির সুরে পোস্টটিতে লেখা হয়েছিল, ‘এটি কেবল ট্রেলার। পরের বার যদি কেউ আমাদের ধর্ম বা গুরুকে অসম্মান করে, তবে বাড়ির কেউ বাঁচবে না।’

পুলিশ জানিয়েছে, গুলি চালানো এবং ওই পোস্ট—দুটো ঘটনাই পরিকল্পিত হতে পারে। সাইবার টিম ইতিমধ্যেই পোস্টটির সত্যতা যাচাই শুরু করেছে। পাশাপাশি কারা গুলি চালিয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত দিশার ছোট বোন খুশবু পাটানির একটি মন্তব্য থেকে। অনিরুদ্ধাচার্যের বক্তব্য নিয়ে খুশবু সোচ্চার হয়েছিলেন। পরে সেই মন্তব্য ভুলভাবে ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাতের অভিযোগ ওঠে। খুশবু অবশ্য দাবি করেছেন, তাঁর মন্তব্য কেবল ওই এক ধর্মগুরুকেই উদ্দেশ্য করে ছিল, অন্য কাউকে নয়।

বলিউড মহলে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, যদি ধর্মের নামে হুমকি দিয়ে সশস্ত্র হামলার চেষ্টা হয়, তবে তার প্রভাব ভয়াবহ হতে পারে। আপাতত পুরো বিষয়টির তদন্তে নেমেছে বারেলি পুলিশ।

Related posts

Leave a Comment