ভারতের বাঁহাতি স্পিনার গৌহর সুলতানা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে তিনি জানালেন, দেশের হয়ে খেলার দীর্ঘ যাত্রা শেষ হলো গর্ব, কৃতজ্ঞতা ও অসংখ্য স্মৃতির ভাণ্ডার নিয়ে।
তিনি লিখেছেন, “হায়দরাবাদের গলিপথ থেকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে—এই যাত্রা ছিল স্বপ্নের মতো। ঘাম, ত্যাগ আর অসংখ্য নিঃশব্দ পরিশ্রমে গড়া এই পথচলা আমাকে আজকের গৌহরে পরিণত করেছে।”
গৌহর সুলতানা ভারতের হয়ে ৫০টি ওয়ানডে ম্যাচে ৬৬টি উইকেট নিয়েছেন গড়ে ১৯.৩৯ এবং ইকোনমি রেট ৩.৩২-এ। ব্যাট হাতে করেছেন ৯৬ রান। ৩৭টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ২৯টি উইকেট গড়ে ২৬.২৭ এবং ইকোনমি রেট ৫.৭৩-এ। ভারতের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। ঘরোয়া ক্রিকেটে গৌহর হায়দরাবাদ, পুদুচেরি, রেলওয়ে এবং বাংলার হয়ে খেলেছেন। এছাড়াও নারী প্রিমিয়ার লিগে (WPL) দুই মৌসুমে ইউপি ওয়ারিয়র্সের হয়ে চারটি ম্যাচ খেললেও উইকেটের দেখা পাননি।
ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “জয়ের মুহূর্ত ছিল, আবার ছিল কষ্ট আর চোটের দিনও। খেলা আমাকে সব দিয়েছে। এখন এই অধ্যায় শেষ হলেও আমার ভেতরে ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও উজ্জ্বল। আমি ভবিষ্যতে নতুনভাবে ক্রিকেটকে ফিরিয়ে দিতে চাই।”
সতীর্থ, কোচ, নির্বাচক, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে পরিবার—সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, “মা আর বোন আমার ভরসা, ঝড়ে নোঙর আর শান্তির ঠিকানা ছিলেন।” শেষে গৌহর সুলতানা লিখেছেন, “এটা বিদায় নয়, বরং এক সোনালি অধ্যায়ের সমাপ্তি।”