শ্রীনগর, ২১ ডিসেম্বর ২০২৫: মৌসুমের প্রথম তুষারপাতে দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার অবসান হল জম্মু–কাশ্মীর ও লাদাখ জুড়ে। এর সঙ্গেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শীতের সবচেয়ে কঠিন পর্ব ‘চিল্লাই কালান’। পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে এবং উপত্যকায় প্রকৃত শীতের আমেজ ফিরেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, টানা বৃষ্টিহীন ও তুষারহীন অবস্থার ফলে যে খরা পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রথম তুষারপাত তাতে স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে কৃষি ও উদ্যানচাষের জন্য এই তুষারপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতকালীন ফসল ও আপেল বাগানের মাটিতে আর্দ্রতা ফিরতে শুরু করেছে।
চিল্লাই কালান হল কাশ্মীরের শীতের সবচেয়ে কঠোর ৪০ দিনের সময়কাল, যখন তীব্র ঠান্ডা, বরফাচ্ছন্ন রাস্তা এবং জমে যাওয়া জলাশয় দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এই সময়ে ডাল লেকের জল আংশিকভাবে জমে যাওয়া, পাহাড়ি পথে যান চলাচলে বাধা এবং বিদ্যুৎ–জল সরবরাহে সমস্যা দেখা দেওয়া সাধারণ ঘটনা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারপাতের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। পর্যটকদেরও আবহাওয়ার পরিস্থিতি দেখে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
