ওয়াশিংটন — ইরান উপকূলের অদূরে মার্কিন নৌসেনার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই নৌসেনা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মার্কিন সেনা সূত্রে জানা গেছে, সৌদি আরব উপকূলের অদূরে লোহিত সাগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, এই আগুন যুদ্ধজনিত কোনও হামলার ফল নয়।
পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম) এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সেন্টিকম আরও জানিয়েছে, এই ঘটনায় জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা যান্ত্রিক পরিচালন ব্যবস্থার কোনও ক্ষতি হয়নি। ফলে রণতরীটি এখনও সম্পূর্ণ কার্যকর রয়েছে।
অগ্নিকাণ্ডে আহত দুই নৌসেনাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন সেনা।
উল্লেখ্য, ২০২২ সালে ভার্জিনিয়ায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড। অতলান্তিক মহাসাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র স্ট্রাইক কোরের অংশ হিসেবেও কাজ করেছে এই রণতরী।
সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে এই যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে এটি পারস্য উপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করে।
ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-র গোড়া থেকেই এই যুদ্ধজাহাজ অংশ নিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
previous post
