April 7, 2026
দেশ

ইডির ফের তলব দমকলমন্ত্রী সুজিত বসুকে, পুর নিয়োগ মামলায় চাপে তৃণমূল

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে সময় চাওয়ার মধ্যেই নতুন করে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। একই মামলায় নজরে রয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও।

গত শুক্রবার সুজিত বসুকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তবে সেই দিন উপস্থিত না হয়ে তিনি তদন্তকারী সংস্থার কাছে সময় চান। কবে হাজিরা দিতে পারবেন, তাও তিনি জানিয়েছিলেন বলে সূত্রের খবর। এরই মধ্যে আবার নতুন করে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

এই মামলায় রথীন ঘোষকেও তলব করা হয়েছিল। বুধবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনিও সময় চেয়েছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে দু’জনকেই প্রার্থী করেছে তৃণমূল। সুজিত বসু বিধাননগর এবং রথীন ঘোষ মধ্যমগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন। এর আগে এই মামলায় রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

তৃণমূলের অভিযোগ, ভোটের আগে দলীয় প্রার্থীদের লক্ষ্য করে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। যদিও ইডির দাবি, তদন্তের স্বার্থেই এই তলব।

এর আগে ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবর মাসে সুজিত বসুর দফতর ও বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও অভিযান হয়। ফলে নতুন করে তলব ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।

Related posts

Leave a Comment