নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৃহস্পতিবার নয়াদিল্লিতে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া-র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।জয়শঙ্কর জানান, ভারত শ্রীলঙ্কার প্রতি তাদের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী আমারাসুরিয়া ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের সভ্যতা ও সংস্কৃতি গভীরভাবে জড়িত। ভারতের সহায়তা ছিল আমাদের অন্ধকার সময়ের এক প্রকৃত বন্ধুর হাত।”তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের সময় ভারতের আর্থিক সহায়তার কথা স্মরণ করেন।
তিনি বলেন, “ভারতের $৩.৫ বিলিয়ন ডলারের সহায়তা ছাড়া আমরা হয়তো সেই কঠিন সময় পেরোতে পারতাম না।”আমারাসুরিয়া তাঁর তিনদিনের সফরে নিজের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজ-এ যান, যেখানে ছাত্রছাত্রী ও শিক্ষকরা তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান। তিনি আবেগভরে বলেন, “তিন দশক পর এই দরজা দিয়ে ঢুকে আমি গর্ব ও নস্টালজিয়ায় ভরে উঠেছি।
আজকের কলেজ স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাব ও গবেষণায় ভারতের দ্রুত উন্নয়নের প্রতিফলন।”ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “সব সময় সেতু গড়ো, প্রাচীর নয় — ঘরে, অফিসে কিংবা জাতির মধ্যে।”আমারাসুরিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতে সফরে এসেছেন।
তিনি তিনদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।অফিসিয়াল সূত্রে জানা গেছে, তিনি ব্যবসায়িক মহল ও শিল্প প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন, যাতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও দৃঢ় হয়।
