মুম্বই, ২০ ফেব্রুয়ারি : জিওহটস্টার তাদের আসন্ন সিরিজ ‘Chiraiya’-র আকর্ষণীয় টিজার প্রকাশ করেছে। ভারতীয় পরিবারে দীর্ঘদিন ধরে স্বাভাবিক বলে মেনে নেওয়া একটি বড় অন্যায়—বিয়ে মানেই আজীবনের সম্মতি—এই ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সিরিজটি। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী Divya Dutta। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে সমাজের কিছু অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে হয়েছে এবং উপলব্ধি করেছেন কীভাবে বিয়েকে প্রায়শই প্রশ্নাতীত সম্মতি হিসেবে ধরা হয়।
দিব্যা বলেন, ‘Chiraiya’-র চরিত্রে বাস করতে গিয়ে তিনি অনুভব করেছেন, সম্পর্ক টিকিয়ে রাখার নামে আমরা কতবার নিজের কণ্ঠস্বর চাপা দিই। তিনি আরও বলেন, এই গল্প তাঁকে ভাবতে বাধ্য করেছে কীভাবে ত্যাগকে এমনভাবে রোম্যান্টিসাইজ করা হয় যে যন্ত্রণা অদৃশ্য হয়ে যায়। দিব্যা প্রশ্ন তোলেন, যখন প্রিয়জনের প্রতি বিয়ের নামে অন্যায় হয়, তখন কি চুপ করে থাকা উচিত, নাকি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত? তাঁর কথায়, প্রিয় মানুষকে অপমানিত বা অবমূল্যায়িত হতে দেখলে কি বিদ্যমান সম্পর্ক রক্ষার জন্য নীরব থাকা উচিত, নাকি সঠিকের পক্ষে দাঁড়াতে সবকিছু ঝুঁকিতে ফেলা উচিত—এর সহজ উত্তর নেই। এই অস্বস্তিকর প্রশ্নই সিরিজটিকে গভীর করে তোলে বলে মত তাঁর।
তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা শুধু সিরিজটি দেখবেন না, অনুভবও করবেন এবং হয়তো এমন কিছু সত্য চিনতে পারবেন, যেগুলোর নাম উচ্চারণ করতে আমরা দ্বিধা করি। পরিচালক Shashant Shah-এর পরিচালনায় এবং SVF Entertainment-এর প্রযোজনায় তৈরি এই সিরিজে দিব্যা দত্ত ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, সিদ্ধার্থ শ’, প্রসন্ন বিস্ত, ফয়সল রশিদ, টিনু আনন্দ, সরিতা জোশীসহ আরও অনেকে।
