22 C
Kolkata
February 19, 2026
কলকাতা

মেট্রোর কাজে সরল ধর্মতলা ডিপো, নতুন জায়গা থেকে বাস পরিষেবা শুরু বৃহস্পতিবার

ধর্মতলার চেনা ছবিতে বদল। Esplanade ও Rani Rasmani Avenue-এর মাঝের অংশে তৈরি হল নতুন সরকারি বাস ডিপো। বৃহস্পতিবার থেকেই সেখান থেকে বাস পরিষেবা শুরু হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ছাড়বে এই ডিপো থেকে। যাত্রীদের জন্য থাকছে বাতানুকূল অপেক্ষাগৃহ।

জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজের জন্য পুরনো ধর্মতলা ডিপো বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ভূগর্ভস্থ স্টেশন নির্মাণের স্বার্থেই ডিপো সরানো জরুরি ছিল বলে জানিয়েছে Rail Vikas Nigam Limited। নতুন ডিপো তৈরি হয়েছে মেট্রো কর্তৃপক্ষের উদ্যোগে। ডিপো সরে যাওয়ায় মেট্রোর কাজ গতি পাবে বলেই আশা। নতুন ব্যবস্থায় বাসের ঢোকা ও বেরোনোর পথ রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে হওয়ায় যান নিয়ন্ত্রণে বিশেষ নজর রাখছে Kolkata Police।

পুরনো ডিপো থেকে দিনে শতাধিক দূরপাল্লার বাস ছাড়ত। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ পরিবহণ নিগমের পাশাপাশি অন্যান্য রুটের বাসও চলত সেখান থেকে। বিশেষ করে শিলিগুড়িগামী এসি ও নন-এসি বাস ছিল যাত্রীদের ভরসা। নতুন ডিপোতে পৃথক বুকিং কাউন্টার, এসি ওয়েটিং রুম, ক্রু রুম, পে অ্যান্ড ইউজ টয়লেট, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম রাখা হয়েছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীসুবিধার কথা মাথায় রেখেই এই পরিকাঠামো তৈরি হয়েছে। মেট্রো কর্তৃপক্ষও জানিয়েছে, বাস স্ট্যান্ড সরে যাওয়ায় কাজ এগোবে। ধর্মতলার ব্যস্ত এলাকায় এই পরিবর্তন কতটা স্বস্তি আনে, এখন সেদিকেই নজর শহরবাসীর।

Related posts

Leave a Comment