29 C
Kolkata
March 13, 2026
রাজ্য

কেন্দ্র ডেপুটেশনে চাইতেই দার্জিলিংয়ের জেলাশাসককে সরাল রাজ্য

কলকাতা — কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে চাওয়ার পরই দার্জিলিংয়ের জেলাশাসক পদে বড় রদবদল করল রাজ্য সরকার। দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র-কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল আগরওয়ালকে।

সুনীল আগরওয়াল ১৯৯৪ সালের ডব্লিউবিসিএস (ইএক্সই) অফিসার। অন্যদিকে, এতদিন দার্জিলিংয়ের ডিএম পদে থাকা মণীশ মিশ্রকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। নতুন পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুই আধিকারিককেই।

সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় সরকার দার্জিলিংয়ের জেলাশাসককে ডেপুটেশনে চেয়ে নবান্নে চিঠি পাঠায়। সেই খবর সামনে আসার পরই বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, তাঁকে ডিএম পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, নতুন পদে পাঠানো হলেও এই বদলিকে কার্যত মণীশ মিশ্রর পদোন্নতি হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি পি সুধাকর-কেও ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। তবে তাঁর ক্ষেত্রে এখনও কোনও বদলির নির্দেশ জারি করা হয়নি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র উত্তরবঙ্গ সফর ঘিরে সম্প্রতি রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়। শিলিগুড়িতে একটি আদিবাসী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতি।

প্রথমে বিধাননগরে সভা হওয়ার কথা থাকলেও পরে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে সেই সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, বিধাননগরে অনুষ্ঠান হলে আরও বেশি মানুষ উপস্থিত থাকতে পারতেন এবং কেন সেখানে অনুমতি দেওয়া হয়নি তা তিনি জানেন না।

রাষ্ট্রপতির ওই মন্তব্যের পরই জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়।

পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্টও তলব করে। সেই ঘটনার পরই দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তার মধ্যেই দার্জিলিংয়ের জেলাশাসক পদে এই রদবদল করল রাজ্য সরকার।

Related posts

Leave a Comment