চেন্নাই, ২৯ নভেম্বর: বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করে স্থলভাগে আছড়ে পড়া ঘূর্ণিঝড় দিতওয়া তামিলনাড়ুতে গুরুতর প্রভাব ফেলতে শুরু করেছে। চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর-সহ উপকূলীয় বিস্তীর্ণ এলাকা জুড়ে রাতভর ও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে। বহু জায়গায় জলজট, গাছ উপড়ে পড়া, রাস্তা বন্ধ এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা থেকে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। চেন্নাই বিমানবন্দরে বেশ কয়েকটি উড়ান বিলম্বিত হয়েছে এবং উপকূলীয় রুটে বাস-লঞ্চ চলাচল সীমিত করা হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দিতওয়ার বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৭০–৮০ কিমি পর্যন্ত ছুঁতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন জরুরি পরিষেবা জোরদার করেছে এবং নাগরিকদের বাড়ির বাইরে অপ্রয়োজনে না যাওয়ার পরামর্শ দিয়েছে। উপকূলীয় জেলা জুড়ে এনডিআরএফ ও রাজ্য বাহিনীর একাধিক দল মোতায়েন রয়েছে।
