24 C
Kolkata
March 22, 2026
কলকাতা

মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে যুবক খুনের ঘটনায় চার্জশিট জমা কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডভুক্ত দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় যুবক অশোক পাসওয়ান খুনের ঘটনায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।গত বছরের অক্টোবর মাসে চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে খুন হন অশোক পাসওয়ান। অভিযোগ মদ্যপানের সময় বচসার জেরে এক ব্যক্তি লোহার শাবল জাতীয় ক্রোবার গলায় ঢুকিয়ে দেয় অশোকের।

আঘাতপ্রাপ্ত অবস্থায় প্রায় ১০০ মিটার দৌড়ানোর পর রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।এই ঘটনায় পুলিশ সুরজিত হালদার ও তাপস পাল নামে দুই যুবককে গ্রেফতার করে। আলিপুর আদালতে জমা দেওয়া ৮৫ পাতার চার্জশিটে তাঁদের প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

চার্জশিটে ৩০ জন সাক্ষীর বয়ান রয়েছে এবং খুনের উদ্দেশ্যও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে একজনের স্ত্রীর নাম জড়িয়ে থাকা একটি বিবাদ থেকেই মদ্যপানের সময় ঝামেলা শুরু হয় এবং তা শেষ পর্যন্ত খুনে গড়ায়।ঘটনার পর চেতলা থানার তৎকালীন ওসি-কে সরিয়ে দেওয়া হয় এবং নতুন ওসি হিসেবে দায়িত্ব নেন অমিতাভ সরকার।

মেয়রের ওয়ার্ডে এই খুনের ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ এলাকায় প্রকাশ্যে রাস্তায় মদের আসর বসা নিয়মিত হয়ে উঠেছিল যা আইনশৃঙ্খলার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

Related posts

Leave a Comment