21 C
Kolkata
March 21, 2026
দেশ

আনন্দপুর গুদাম অগ্নিকাণ্ড: প্রতিবাদ মিছিলে শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতার দক্ষিণ প্রান্তের আনন্দপুরে ভয়াবহ গুদাম অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজদের স্মরণে প্রতিবাদ মিছিল করার জন্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।

এর আগে স্থানীয় পুলিশ ওই এলাকায় ১০০ মিটার ব্যাসার্ধে নিষেধাজ্ঞা জারি করে এবং মিছিলের অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

আদালত নির্দেশ দেয়, মিছিলটি নির্দিষ্ট বিকল্প পথে করতে হবে এবং তাতে সর্বাধিক ২,০০০ জন অংশ নিতে পারবেন। পাশাপাশি, মিছিলটি নারেন্দ্রপুর থানার ২০০ মিটার দূরে গিয়ে থামাতে হবে। সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবে।

এদিন বিকেলে বিজেপির একাধিক বিধায়ক ঘটনাস্থলের কাছে গেলেও পুলিশি নিষেধাজ্ঞা মেনে ১০০ মিটারের বাইরে অবস্থান করেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে না গিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, প্রকৃত মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে এবং কম করে দেখানো হচ্ছে। তাঁর অভিযোগ, অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং দেহাংশ নীরবে সরিয়ে ফেলা হচ্ছে।

Related posts

Leave a Comment