আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। অভিযোগ উঠেছে, বিজেপি বিধায়কের বাড়ি থেকেই নাগরিকত্বের সার্টিফিকেট বিলি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে। স্থানীয় বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওঁ চারজন আবেদনকারীর হাতে সেই সার্টিফিকেট তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নথি কীভাবে কোনও রাজনৈতিক নেতার হাতে এসে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ নিয়ম অনুযায়ী, সিএএ-র আবেদন গ্রহণ করা হলে সেই সংক্রান্ত তথ্য প্রথমে ইমেল মারফত আবেদনকারীদের কাছে পৌঁছয়। পরে সরকারি ভাবে সার্টিফিকেট প্রদান করা হয়।
সূত্রের খবর, উত্তরবঙ্গের এই অঞ্চলে বাংলাদেশ থেকে আসা বেশ কিছু মানুষ সিএএ-র আওতায় আবেদন করেছিলেন। সম্প্রতি তাঁদের মধ্যে চারজন আবেদনকারী নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। অভিযোগ, সেই সার্টিফিকেটই কুমারগ্রামের বিজেপি বিধায়ক নিজের বাড়িতে বসে আবেদনকারীদের হাতে তুলে দেন।
ঘটনাকে ঘিরে তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তুলেছে, এটি কি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের অংশ? রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা সার্টিফিকেট বিজেপি নেতাদের হাতে কীভাবে এল, তা খতিয়ে দেখা দরকার।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ। তাঁর দাবি, এলাকায় সিএএ সংক্রান্ত একটি ক্যাম্প তাঁর বাড়িতে করা হয়েছিল। সেই ক্যাম্পে আবেদন করা কয়েকজনের সার্টিফিকেট সেখানে এসে পৌঁছায়। তাই তিনি সেই সার্টিফিকেট আবেদনকারীদের হাতে তুলে দিয়েছেন।
এই ঘটনাকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন থাকায় বিষয়টি নিয়ে রাজ্যের রাজনীতিতে আরও চাপানউতোর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
