প্রভিডেন্স: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স এলাকায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে শনিবার সক্রিয় গুলিবর্ষণের ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জারি করা সরকারি সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করা যায়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। ঘটনার পর থেকেই গোটা এলাকায় ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে সক্রিয় গুলিবর্ষণের ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী এখনও আটক হয়নি এবং তল্লাশি চলছে।”
ঘটনার জেরে পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চালাচ্ছে, পাশাপাশি আহতদের তথ্য সংগ্রহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ মেনে চলার এবং ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় যারা ওই ভবনের ভিতরে ছিলেন এবং পরে সেখান থেকে বেরিয়ে এসেছেন, তাঁদের অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, তদন্ত চললেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রভিডেন্সের ডেপুটি পুলিশ চিফ টিম ও’হারা সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন ব্যক্তি কালো পোশাক পরিহিত এক পুরুষ। তিনি বলেন, “এই সন্দেহভাজনকে খুঁজে বের করতে আমরা সব ধরনের সম্পদ ব্যবহার করছি।” পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী হোপ স্ট্রিট দিক দিয়ে ভবন থেকে বেরিয়ে যায়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ব্লক দূরে পুলিশের সঙ্গে এক ব্যক্তির সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটলেও, সেটির সঙ্গে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
১৯৬৫ সালে নির্মিত এই ইঞ্জিনিয়ারিং ভবনে ১১৭টি গবেষণাগার, ১৫০টি অফিস, ১৫টি শ্রেণিকক্ষ, ২৯টি ল্যাব ক্লাসরুম ও তিনটি লেকচার হল রয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রাচীনতম আইভি লিগ গবেষণা প্রতিষ্ঠানগুলির অন্যতম। চলতি বছরে যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে ৭০টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।
previous post
