21 C
Kolkata
March 21, 2026
দেশ বিদেশ

৭০ ডলারের নিচেই সীমাবদ্ধ থাকতে পারে ব্রেন্ট ক্রুডের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স্বল্পমেয়াদে সামান্য বাড়লেও দীর্ঘমেয়াদে ব্যারেলপ্রতি ৬৮–৭০ ডলারের মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে একটি রিপোর্ট। ভূরাজনৈতিক টানাপোড়েন ও সরবরাহপক্ষের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতার কারণেই দামের ঊর্ধ্বগতি সীমিত থাকবে বলে মত বিশ্লেষকদের।

এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেসের সম্পদ ব্যবস্থাপনা শাখা এমকে ওয়েলথ ম্যানেজমেন্ট জানিয়েছে, বিশ্ব অর্থনীতির মন্থর গতি ও বড় অর্থনীতিগুলিতে সতর্ক ভোগব্যয়ের কারণে তেলের দামে বড় উত্থানের সম্ভাবনা কম। ফলে যে কোনও ঊর্ধ্বমুখী প্রবণতা ধীরে হবে এবং নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে থাকবে।

রিপোর্টে বলা হয়েছে, ওপেক প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্ত সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে ব্রেন্ট ক্রুড মূলত ৬০–৬৫ ডলারের মধ্যেই লেনদেন হচ্ছে। চাহিদা বৃদ্ধির তুলনায় নতুন সরবরাহ দ্রুত বাড়ায় দামে বড় ব্রেকআউট দেখা যায়নি।
চাহিদার পূর্বাভাস এখনও নতুন উৎপাদন সংযোজনের তুলনায় পিছিয়ে রয়েছে।

পাশাপাশি দীর্ঘদিন ধরে কম দামের কারণে জ্বালানি ক্ষেত্রে মূলধনী ব্যয় কমেছে এবং বড় তেল ও গ্যাস সংস্থাগুলি নগদ সংরক্ষণ ও ব্যালান্স শিট মজবুত রাখতে নতুন বিনিয়োগ পিছিয়ে দিচ্ছে।

ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল উৎপাদন সাম্প্রতিক সময়ে স্বাভাবিক হলেও এর বড় অংশ এশিয়ার বাজারে বিশেষ করে চিনে যাচ্ছে। তবে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে এই সরবরাহের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমকে ওয়েলথ ম্যানেজমেন্টের গবেষণা প্রধান ড. জোসেফ থমাস বলেন, স্বল্পমেয়াদে ভূরাজনৈতিক ঘটনাপ্রবাহ তেলের দামকে কিছুটা সমর্থন দিতে পারে, তবে মৌলিক অর্থনৈতিক বাস্তবতা বলছে যে কোনও ঊর্ধ্বগতি সীমিতই থাকবে।

তিনি আরও বলেন, এই পর্যায়ে জ্বালানি সংস্থা ও বাজার অংশগ্রহণকারীদের দামের ওপর ভরসা না করে মূলধনী শৃঙ্খলা ও কার্যকর পরিচালনার দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাস উদ্ধৃত করে রিপোর্টে জানানো হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব তেলের মজুত বাড়তে পারে, যা দামের ওপর চাপ সৃষ্টি করবে। সংস্থাটি ২০২৬ সালে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৫৫ ডলার হতে পারে বলে অনুমান করেছে, যা অতিরিক্ত সরবরাহের ইঙ্গিত দিচ্ছে।

Related posts

Leave a Comment