২০২৬ সালের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য রবিবার নিজেদের ইস্তেহার প্রকাশ করল বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। ইস্তেহারে দুর্নীতিমুক্ত মুম্বই গড়া, প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নাগরিক পরিষেবা উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিস ইস্তেহার প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা একনাথ শিন্ডেও।
ইস্তেহার প্রকাশের সময় ফডণবিস বলেন, গত ২৫ বছরে মুম্বইয়ের পুরসভা প্রশাসনে অদক্ষতা ও দুর্নীতি দেখা গেছে। মহাযুতির লক্ষ্য একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বিএমসি গড়া।
মুখ্যমন্ত্রী জানান, আইআইটির সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের চিহ্নিত করা হবে। তাঁর দাবি, এই প্রযুক্তির মাধ্যমে শহরের প্রশাসনিক কার্যকারিতা আরও জোরদার হবে এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা সম্ভব হবে।
ইস্তেহারে মুম্বইবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব মুম্বই গড়তে ১৭ হাজার কোটি টাকার একটি জলবায়ু কর্মপরিকল্পনার ঘোষণাও করেন ফডণবিস।
শিক্ষাক্ষেত্রে পুরসভার স্কুলগুলিকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করে তোলার কথা বলা হয়েছে। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বাড়ানো এবং বিএমসি পরিচালনায় প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার করার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে।
পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রেও আমূল পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে, যাতে শহরের যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক হয়। নারী যাত্রীদের জন্য বাসের টিকিটে ৫০ শতাংশ ছাড় এবং ‘লাখপতি দিদি’ প্রকল্প মুম্বইয়ে কার্যকর করার কথাও ঘোষণা করা হয়েছে।
এছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতিসৌধ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মহাযুতি জানিয়েছে, মুম্বইকে একটি আধুনিক, সুরক্ষিত ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
