February 12, 2026
টিভি-ও-সিনেমা

আদালতে চরম নাটক: মীমাংসা ভেস্তে গেল ব্লেক লাইভলি-জাস্টিন বালদোনির হেনস্তা মামলা

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: হলিউড তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালদোনির মধ্যে যৌন হেনস্তা সংক্রান্ত মামলায় আদালত-নির্দেশিত মধ্যস্থতা বৈঠকেও কোনও সমঝোতা হলো না। ফলে মামলাটি এখন বিচারপর্বে গড়ানোর সম্ভাবনাই জোরাল।

সমঝোতা বৈঠক ব্যর্থ

‘ইট এন্ডস উইথ আস’ ছবির দুই সহ-অভিনেতা বুধবার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে ম্যাজিস্ট্রেট বিচারক সারা এল. কেভ-এর তত্ত্বাবধানে মধ্যস্থতা বৈঠকে অংশ নেন। কয়েক ঘণ্টার আলোচনার পরও কোনও রফাসূত্র বের হয়নি।

শুক্রবার সকালে দু’জনেই আদালতে হাজির হলেও আলাদা কক্ষে ছিলেন এবং বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান।
বালদোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান জানান, আপাতত কোনও সমঝোতা হয়নি। যদিও ভবিষ্যতে আলোচনা পুরোপুরি উড়িয়ে দেননি, তবে তিনি বলেন, “আমার মনে হয় মামলাটি বিচারপর্বে যাবে। আমরা তার জন্য প্রস্তুত।”

অভিযোগের কেন্দ্রবিন্দু

লাইভলির অভিযোগ, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং চলাকালীন বালদোনি তাঁকে হেনস্তা করেন। পাশাপাশি অভিযোগ ওঠে, বিষয়টি নিয়ে আপত্তি তোলার পর বালদোনি জনসংযোগ সংস্থার সহায়তায় তাঁর বিরুদ্ধে বদনাম করার প্রচার চালান। এতে কাজের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব পড়ে।
বালদোনির পাল্টা দাবি

অভিযোগ অস্বীকার করেছেন বালদোনি। তাঁর আইনজীবীদের দাবি, ঘটনাগুলি গুরুতর হেনস্তা নয়, বরং কর্মক্ষেত্রের সামান্য মতবিরোধ। তাঁরা আদালতে মামলা খারিজ বা সীমিত করার আবেদনও করেছেন।

এখন কী হতে পারে?

লাইভলির আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়ে জানিয়েছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়—সেটের আরও কয়েকজন অভিনেতা একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁদের দাবি, বিষয়টি জুরি বোর্ডের সামনে বিচার হওয়া উচিত।

মামলাটি দেখছেন বিচারক লুইস লিমান। তিনি বর্তমানে খতিয়ে দেখছেন মামলা খারিজের আবেদন গ্রহণ করবেন, নাকি পূর্ণাঙ্গ বিচারপর্বে যেতে দেবেন। বিচার শুরু হলে সম্ভাব্য তারিখ নির্ধারিত রয়েছে ১৮ মে।
মধ্যস্থতায় সমাধান না হওয়ায় ব্লেক লাইভলি ও জাস্টিন বালদোনির আইনি লড়াই এখন আরও তীব্র আকার নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Related posts

Leave a Comment