April 5, 2026
কলকাতা

বাংলার ভোটে দিল্লির মুখ ভরসা, বিজেপির তারকা প্রচারকের তালিকা ঘিরে জোর বিতর্ক

কলকাতা — বাংলার বিধানসভা ভোটকে সামনে রেখে তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল বিজেপি। মোট ৪০ জন প্রচারকের নাম প্রকাশ করা হয়েছে, যার সিংহভাগই দিল্লির নেতানেত্রী— এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

তালিকার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই ভোট ঘোষণার পর বাংলায় এসে প্রচারও সেরেছেন তাঁরা।

এছাড়াও তালিকায় রয়েছেন রাজনাথ সিং, নীতিন গডকড়ি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা-সহ একাধিক কেন্দ্রীয় নেতা।
এই তালিকাকে কেন্দ্র করে তৃণমূলের কটাক্ষ, বাংলার মাটিতে ভরসা না থাকাতেই বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে বিজেপিকে। শাসক দলের দাবি, বাংলার মানুষ বহিরাগত রাজনীতিকে গ্রহণ করবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তালিকা থেকেই স্পষ্ট যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এতে স্থানীয় নেতৃত্বের গুরুত্ব কমছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ভোটের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের মতে, বাংলার উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতি দিয়েই তারা মানুষের সমর্থন পাবে।

Related posts

Leave a Comment