27 C
Kolkata
March 11, 2026
রাজ্য

দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভায় ফাঁকা চেয়ার, অস্বস্তিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। মঙ্গলবার দুর্গাপুর মহকুমার একাধিক বিধানসভা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনভর রথযাত্রা শেষে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ক্ষুদিরাম ময়দানে একটি জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তবে সভাস্থলে দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম। সামনে কিছু মানুষ থাকলেও অধিকাংশ চেয়ারই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। সূত্রের দাবি, উপস্থিতির সংখ্যা একশোরও কম ছিল। এই দৃশ্য ঘিরে অস্বস্তিতে পড়ে যায় রাজ্য বিজেপি নেতৃত্ব।

সভামঞ্চে বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও, সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, “লোকজনের জন্য চেয়ার রাখা হয়েছিল। তাঁরা কেউ আসেননি।” এরপর আর বেশি কিছু না বলে তিনি বক্তব্য শেষ করেন।

সভা শেষ হতেই সাংবাদিকদের প্রশ্ন এড়াতে দ্রুত এলাকা ছাড়েন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। ফলে জেলা বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দিতে ভিডিও বার্তা দেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি দাবি করেন, পরিবর্তন যাত্রা চলাকালীন রাস্তায় বিপুল মানুষের ভিড় হয়েছিল এবং বহু মানুষ বিজেপির কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “ওদের রথ আছে, মানুষ নেই। ওরা রথে থাকে আর আকাশের দিকে তাকিয়ে দেখে কখন নেতারা প্যারাশুটে করে নামবে।”

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্যের রাজনীতিতে।

Related posts

Leave a Comment