March 12, 2026
দেশ

সংসদকে মঞ্চ বানাচ্ছেন রাহুল, অভিযোগ বিজেপির

নয়াদিল্লি — কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে অকারণ বিশৃঙ্খলা তৈরি করছেন এবং প্রচারমূলক রাজনীতি করছেন বলে অভিযোগ করল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

শাহনওয়াজ হুসেনের দাবি, লোকসভায় কংগ্রেস ৯৯টি আসন পাওয়ার পর রাহুল গান্ধী মনে করছেন সংসদ তাঁর ইচ্ছামতো চলবে। কিন্তু সংসদ স্পিকারের নির্দেশেই চলে, বিরোধী বা সরকার কারও ইচ্ছায় নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাহুল গান্ধী সংসদকে গুরুত্ব দিচ্ছেন না। স্পিকার যখন তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তখন তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করা হয়। আবার আলোচনা শুরু হলে তিনি সভা ছেড়ে বেরিয়ে যান বলেও অভিযোগ করেন বিজেপি নেতা।

হুসেন আরও দাবি করেন, বিভিন্ন ইস্যুতে বারবার হইচই তৈরি করা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সময় মহিলা সাংসদদের দিয়ে বাধা দেওয়া এবং স্পিকারের নির্দেশ মানতে অস্বীকার করা বিরোধী দলনেতার অভ্যাসে পরিণত হয়েছে।

তাঁর মতে, রাহুল গান্ধীর সংসদে তোলার মতো কোনও বাস্তব ইস্যু নেই। তাই তিনি সংসদকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন এবং প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে প্রচার চালাচ্ছেন।

আসন্ন রাজ্য নির্বাচনের প্রসঙ্গ টেনে হুসেন বলেন, পশ্চিমবঙ্গ ও অসমে কংগ্রেস শূন্য আসনে নেমে আসতে পারে।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। ইরান, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে ঘিরে চলা সংঘাতের কারণে বিশ্বে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং গ্যাসের সরবরাহেও প্রভাব পড়েছে।

তবে এই পরিস্থিতির মধ্যেও ভারত সরকার তেল ও গ্যাসের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে দাবি করেন হুসেন।

তাঁর অভিযোগ, কংগ্রেস ২০১১ সালের পুরনো পোস্টার দেখিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে পরিস্থিতি সামলেছিলেন, তাতে বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

Related posts

Leave a Comment