February 15, 2026
দেশ

১,৩২৩.৯৬ কোটি টাকার বিশেষ অনুদান অপব্যবহারের অভিযোগ, কংগ্রেস সরকারকে নিশানা বিজেপির

বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতৃত্বাধীন কর্নাটক সরকারের বিরুদ্ধে ১,৩২৩.৯৬ কোটি টাকার কেন্দ্রীয় বিশেষ অনুদান অপব্যবহারের অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র। তাঁর দাবি, নির্দিষ্ট প্রকল্পের জন্য কেন্দ্র যে সুদমুক্ত বিশেষ অনুদান দিয়েছিল, তা নির্ধারিত খাতে ব্যয় না করে রাজ্য সরকার অন্য দফতর ও প্রকল্পে সরিয়ে নিয়েছে।

বিজয়েন্দ্র অভিযোগ করেন, সংশ্লিষ্ট দফতরগুলি অর্থ সঠিকভাবে ব্যবহার না করেও কেন্দ্রের কাছে ব্যবহার শংসাপত্র জমা দিয়েছে এবং তা অর্থ দফতরের চাপে করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কি ভুয়ো ব্যবহার শংসাপত্র জমা দেওয়ার বিষয়ে অবগত ছিলেন এবং এই অর্থ শেষ পর্যন্ত কোন খাতে স্থানান্তরিত হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই মূলধনী বিনিয়োগের জন্য অর্থ দফতর এই বরাদ্দ ছাড়ে এবং কর্নাটক মাইনর ইরিগেশন দফতরের তা নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহারের প্রত্যয়ন দেওয়ার কথা ছিল। একইভাবে কৃষ্ণা ভাগ্য জল নিগম ও বিশ্বেশ্বরাইয়া জল নিগমের পক্ষ থেকেও চাপের মুখে শংসাপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভাল্মীকি ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে বিজয়েন্দ্র বলেন, প্রতিবেশী তেলেঙ্গানায় শত শত কোটি টাকা স্থানান্তরের ঘটনা মুখ্যমন্ত্রীর অজান্তে সম্ভব নয়, কারণ তিনি অর্থ দফতরের দায়িত্বেও রয়েছেন।

এ বিষয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। এছাড়া ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের আওতায় ৫,০০০ কোটি টাকা বরাদ্দের ব্যবহার সম্পর্কেও বিধানসভায় প্রশ্ন তোলা হলেও মুখ্যমন্ত্রী এখনও স্পষ্ট জবাব দেননি বলে অভিযোগ করেন বিজেপি নেতা। তিনি অবিলম্বে অর্থ দফতর ও মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুদানের প্রকৃত ব্যবহার ও বকেয়া অর্থের অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

Related posts

Leave a Comment