22 C
Kolkata
February 19, 2026
দেশ

এআই ইমপ্যাক্ট সামিটে বক্তৃতা নয়, আনুষ্ঠানিক ঘোষণা গেট্‌স ফাউন্ডেশনের

জল্পনার অবসান। নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ বক্তৃতা করছেন না মাইক্রোসফ্‌টের প্রতিষ্ঠাতা Bill Gates। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে এ কথা জানায় Bill & Melinda Gates Foundation।

এ দিন সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার কথা ছিল গেট্‌সের। তবে তাঁর পরিবর্তে সংস্থার আফ্রিকা ও ভারত দফতরের প্রধান অঙ্কুর ভোরা ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন। বিকেলে তাঁর বক্তৃতা নির্ধারিত রয়েছে বলে জানা গিয়েছে।

ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে, “সযত্নে বিবেচনার পর এবং সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেট্‌স স্বাগতভাষণ দিচ্ছেন না।” একই সঙ্গে ভারতে স্বাস্থ্য ও উন্নয়নমূলক কর্মসূচিতে সংস্থার দায়বদ্ধতার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

গেট্‌সকে ঘিরে বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে নয়াদিল্লি। যদিও পরে ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, গেট্‌স পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে যোগ দেবেন।

তবে শেষ পর্যন্ত তাঁর বক্তব্য বাতিল হওয়ায় জল্পনা আরও জোরদার হয়েছে। সদ্যপ্রকাশিত ‘এপস্টিন ফাইল’ ঘিরে বিতর্কের প্রসঙ্গও সামনে এসেছে। যদিও গেট্‌স এই সব অভিযোগ অস্বীকার করেছেন এবং অতীতে এপস্টিনের সঙ্গে যোগাযোগের জন্য অনুতাপ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সম্মেলনে যোগ দিতে গেট্‌স সোমবারই ভারতে এসেছিলেন এবং অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। কিন্তু দিল্লির এআই সম্মেলনে শেষ পর্যন্ত তিনি মঞ্চে উঠছেন না— এই ঘোষণায় বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

Related posts

Leave a Comment