পাটনা — নভেম্বরে নির্ধারিত বিধানসভা নির্বাচনের আগে বিহার সরকার শুক্রবার ঘোষণা করল একগুচ্ছ সুবিধা। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হল, পাশাপাশি দ্বিগুণ করা হল সরকারি স্কুল পড়ুয়াদের বৃত্তি।মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে হওয়া মন্ত্রিসভা বৈঠকে ঠিক হয়েছে— সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হবে। এতে সরাসরি উপকৃত হবেন লাখো কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মী।এছাড়া ‘মুখ্যমন্ত্রী বালক-বালিকা যোজনা’র আওতায় সরকারি স্কুল পড়ুয়াদের বার্ষিক বৃত্তি দ্বিগুণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী—
- ১ থেকে ৪ শ্রেণির পড়ুয়াদের জন্য ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০০ টাকা,
- ৫ ও ৬ শ্রেণির জন্য ১,২০০ টাকা থেকে ২,৪০০ টাকা,
- ৭ থেকে ১০ শ্রেণির জন্য ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৬০০ টাকা দেওয়া হবে।
এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। শিক্ষাক্ষেত্রের উন্নতি নীতীশ কুমারের অন্যতম অগ্রাধিকার। সম্প্রতি সরকার ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে ‘বিহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের জন্য। পাশাপাশি দ্বিগুণ হয়েছে প্রি-ম্যাট্রিক বৃত্তি ও তফশিলি জাতি-উপজাতি শিক্ষার্থীদের হোস্টেল অনুদান।এর বাইরে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন— গৃহস্থালির জন্য ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, সামাজিক নিরাপত্তা পেনশনে বৃদ্ধি, সরকারি চাকরিতে ডোমিসাইল নীতি, যুব কমিশন গঠন এবং আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনা।
