চাঞ্চল্য ছড়াল বিহারের বক্সার জেলায়। টাকার বিনিময়ে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার প্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অমল কুমার তিওয়ারি, তিনি সিমরি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমল একটি বিদেশি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে বার্তা পাঠিয়ে দাবি করেছিলেন, নির্দিষ্ট পরিমাণ অর্থ পেলে তিনি দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের গলদ তৈরি করে দিতে পারবেন। এই বার্তার সূত্র ধরেই তদন্ত শুরু হয় এবং বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং একাধিক ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, তিনি প্রযুক্তির অপব্যবহার করে দীর্ঘ দিন ধরে সন্দেহজনক কার্যকলাপ চালাচ্ছিলেন।
অমলের মোবাইল পরীক্ষা করে পুলিশ দেখেছে, তাতে একাধিক ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যবহার ছিল। এই প্রযুক্তির সাহায্যে তিনি নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন সাইবার কার্যকলাপে যুক্ত ছিলেন বলে অনুমান। পাশাপাশি তাঁর কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে।
জেরায় অমল নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ ছিল। কলকাতা বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করার হুমকি দেওয়ার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল বলে জানা গিয়েছে।
বর্তমানে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে তাঁকে জেরা করছে। তিনি কোনও বড় চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে সতর্কতা শুরু হয়েছে।
