ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে নজর এখন রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। বিশেষ করে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র বিধানসভা কেন্দ্র ভবানীপুরে কত নাম বাদ গেল, তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক মহলে।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, SIR শুরুর আগে ভবানীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২,০৬,২৯৫। খসড়া তালিকা প্রকাশের সময় ৪৪,৪৭০টি নাম বাদ দেওয়া হয়। ফলে খসড়ায় ভোটার সংখ্যা নেমে দাঁড়ায় ১,৬১,৫২৫।
শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও ২,৩২৪ জনের নাম পুরোপুরি মুছে ফেলা হয়েছে। বর্তমানে ভবানীপুর কেন্দ্রে মোট ভোটার ১,৫৯,২০১ জন। অর্থাৎ খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নাম কমেছে প্রায় আড়াই হাজার।
তবে সবথেকে বড় উদ্বেগের বিষয়, এখনও ১৪,১৫৪ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। অর্থাৎ সংশোধন প্রক্রিয়া শেষ হলেও তাঁদের নাম আদৌ চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা স্পষ্ট নয়।
রাজ্য জুড়েও একই ছবি। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিচারাধীন’। অন্যদিকে, খসড়া তালিকা প্রকাশের আগেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। পরে আরও ৭ লক্ষ নামের পাশে ‘ডিলিটেড’ চিহ্ন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর।
ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও অনিশ্চয়তা বাড়ছে।
