বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘ অসুস্থতার পর তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটল। সামরিক শাসক জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করা খালেদা জিয়া পরবর্তীকালে দেশের অন্যতম প্রভাবশালী ও একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত নেত্রী হয়ে ওঠেন।
দু’দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন জুড়ে ছিল ক্ষমতার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি এবং তীব্র রাজনৈতিক মেরুকরণ। শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘদিনের দ্বন্দ্ব বাংলাদেশের রাজনীতিকে দুই মেরুতে বিভক্ত করে রেখেছিল। সমর্থকদের কাছে তিনি ছিলেন গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক, আবার সমালোচকদের চোখে তাঁর শাসনকাল ছিল দুর্নীতি ও সংঘাতপূর্ণ রাজনীতির উদাহরণ।
শেষ কয়েক বছর কারাবাস, আইনি লড়াই ও শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে কাটিয়েছেন খালেদা জিয়া। বিদেশে চিকিৎসার দাবিকে ঘিরেও রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল। তাঁর মৃত্যুর পর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব এবং দলের রাজনৈতিক দিকনির্দেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বেগম জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান হলেও তাঁর উত্তরাধিকার দেশটির ইতিহাসে দীর্ঘদিন বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।
