February 12, 2026
দেশ

বারসানার বিশ্বখ্যাত হোলি উপলক্ষে জোর প্রস্তুতি

মথুরা, ১২ ফেব্রুয়ারি: বিশ্বখ্যাত লাড্ডুমার ও লাঠমার হোলিকে সামনে রেখে সেজে উঠছে বৃন্দাবনের বারসানা। এ বছর ভক্তদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।আগামী ২৫ ফেব্রুয়ারি বারসানায় পালিত হবে লাড্ডুমার হোলি এবং ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লাঠমার হোলি।

বৃহস্পতিবার মথুরার জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বারসানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, বারসানায় আগত ভক্তরা যেন শহর সম্পর্কে এক নতুন ও ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।গোবর্ধন-বারসানা সড়কের রেলক্রসিং সংলগ্ন এলাকায় যানজট এড়াতে কঠোর ট্রাফিক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রসিংয়ের দু’পাশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি থিমভিত্তিক দেওয়ালচিত্রে পুরো বারসানাকে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ও সৌন্দর্যের স্বার্থে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার প্লাস্টিকে মোড়ানোর কথাও বলা হয়েছে।জেলাশাসক হেলিপ্যাড এলাকা পরিদর্শন করে ব্যারিকেডিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ দেন। রঙ্গিলি চক, কাটারা চক, লাডো গেট এবং শ্রী রাধারাণী মন্দিরমুখী সড়কগুলিও খতিয়ে দেখা হয়। জনপথ দফতরকে (PWD) নির্দিষ্ট সময়ে রাস্তা মেরামত ও পার্কিংয়ের ব্যবস্থা সম্পন্ন করতে বলা হয়েছে।

সেচ দফতরকে নর্দমা পরিষ্কার ও অবৈধ দখল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।হোলির সময় ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাদ্য নিরাপত্তা দফতরকে ভেজাল পণ্য নষ্ট করার ও নকল গুলাল বিক্রেতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোকানদারদের শুধুমাত্র মানসম্পন্ন পণ্য বিক্রির আহ্বান জানানো হয়েছে।নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে গ্রামীণ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে মেলার পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে। অসামাজিক ও গুজব রটনাকারীদের উপর নজরদারি এবং ড্রোনের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।


কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারে সক্রিয় কর্মী মোতায়েনের কথাও বলা হয়েছে।পরিবেশ রক্ষায় এ বছর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। বারসানা মেলা চত্বরকে প্লাস্টিকমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে দোকানদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment