February 13, 2026
দেশ বাংলাদেশ

বাংলাদেশে ২১২ আসনে এগিয়ে বিএনপি, ‘ঐতিহাসিক জয়ের’ দাবি তারেক রহমানের

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে এগিয়ে থেকে এককভাবে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় অর্ধেকের বেশি আসন অতিক্রম করায় দলটির নেতৃত্বে সরকার গঠনের জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিভিন্ন আসনে ভোটগণনা শেষে বিএনপি স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। দলীয় শীর্ষ নেতৃত্ব এই ফলাফলকে “জনগণের রায়” বলে অভিহিত করেছে।

দলের চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, বিএনপি “ঐতিহাসিক জয়ের” পথে রয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং প্রাথমিক ফলাফলেই তা স্পষ্ট।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করতে ভোটাররা বিএনপিকে সমর্থন দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক গণনা অনুযায়ী, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। তবে কিছু আসনে পুনর্গণনার দাবিও উঠেছে।

অন্যদিকে, ভোটের দিন একাধিক এলাকায় কারচুপি, ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণ এবং সহিংসতার অভিযোগ সামনে এসেছে। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোরাই ইউনিয়নের রানাশাল গ্রামে ভোট চলাকালীন নগদ অর্থ বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা জয়নাল আবেদিনকে আটক করা হয়। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ তাঁকে ৩,০০০ টাকা জরিমানা করেন।

ভোটগ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন কেন্দ্রে সহিংসতার ঘটনাও ঘটে। এক রাজনৈতিক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। সকাল থেকেই ছড়িয়ে পড়া এই ঘটনাগুলি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও, প্রাথমিক প্রবণতায় বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট।

Related posts

Leave a Comment