23 C
Kolkata
February 4, 2026
দেশ

সোমনাথ মন্দিরে হামলা শুধু লুটের জন্য নয়, পুনর্গঠনের বিরোধী শক্তি আজও সক্রিয়: প্রধানমন্ত্রী মোদী

দিল্লি—গুজরাটের সোমনাথ মন্দিরে বারবার হামলার উদ্দেশ্য শুধু অর্থনৈতিক লুট ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চারদিনব্যাপী সোমনাথ স্বাভিমান পর্বের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি হামলার লক্ষ্য কেবল সম্পদ লুটই হতো, তাহলে হাজার বছর আগে প্রথম বড় লুটের পরই সেই আক্রমণ থেমে যেত। কিন্তু বাস্তবে তা হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, সোমনাথের ইতিহাস ধ্বংস ও পরাজয়ের নয়, বরং বিজয় ও পুনর্গঠনের ইতিহাস। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর বিদেশি আক্রমণগুলিকে ‘সাধারণ লুটপাট’ হিসেবে দেখিয়ে ইতিহাস ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একের পর একবার মন্দিরে আক্রমণ হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, মন্দিরের রূপ বদলানো হয়েছে, তবুও তা কেবল লুটের ঘটনা বলেই ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৫১ সালে সোমনাথ মন্দির পুনর্গঠনের সময় তুষ্টিকরণের রাজনীতির সঙ্গে যুক্ত শক্তিগুলি বাধা সৃষ্টি করেছিল। সর্দার বল্লভভাই প্যাটেল যখন স্বাধীন ভারতের আত্মসম্মানের প্রতীক হিসেবে সোমনাথ পুনর্গঠনের শপথ নেন, তখন তাঁকেও থামানোর চেষ্টা হয়।

সেই সময় দেশের তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের সোমনাথ সফর নিয়েও আপত্তি তোলা হয়েছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি দাবি করেন, দুঃখজনকভাবে আজও দেশে এমন কিছু শক্তি সক্রিয় রয়েছে, যারা সোমনাথ মন্দিরের পুনর্গঠনের বিরোধিতা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, হাজার বছর আগে অত্যাচারীরা ভেবেছিল তারা ভারতকে জয় করে নিয়েছে, কিন্তু আজও সোমনাথ মহাদেব মন্দিরের চূড়ায় উড়তে থাকা ধ্বজা গোটা বিশ্বের সামনে ভারতের শক্তি ও সামর্থ্যের বার্তা দিচ্ছে। ১০২৬ সালে মহমুদ গজনির প্রথম আক্রমণের এক হাজার বছর পূর্তিতে আয়োজিত সোমনাথ স্বাভিমান পর্বকে তিনি কেবল ধ্বংসের স্মৃতি নয়, বরং হাজার বছরের ধারাবাহিকতা, অস্তিত্ব ও জাতীয় গৌরবের উদযাপন বলে বর্ণনা করেন।

Related posts

Leave a Comment