নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: নয়াদিল্লির ড. কর্ণি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত এশিয়ান রাইফেল/পিস্তল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন অলিম্পিয়ান এলাভেনিল ভালারিভান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি জাপানের মিসাকি নোবাতাকে অল্প ব্যবধানে হারান। একই ইভেন্টের জুনিয়র বিভাগে নতুন এশিয়ান জুনিয়র ফাইনালস রেকর্ড গড়ে সোনা জিতলেন শম্ভাভী ক্ষীরসাগর।
এই বিভাগে মেঘনা সাজ্জনার ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মান্যতা সিং ও অনীশা শর্মার সঙ্গে মিলিয়ে ভারতের ঝুলিতে আসে জুনিয়র মহিলাদের তিনটি পদকই। চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে ভারত মোট ১০টি সোনা জিতে নিজেদের আধিপত্য আরও জোরদার করে। সব মিলিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ায় ৪৩—এর মধ্যে ২৭টি সোনা, ১০টি রুপো ও আটটি ব্রোঞ্জ। মহিলাদের যুব বিভাগে সোনা জিতে নজর কাড়েন ওজস্বী ঠাকুর।
দিনের শুরুতেই ৫০ মিটার মেনস পিস্তল ইভেন্টে ভারত একচ্ছত্র আধিপত্য দেখায়। প্রাক্তন বিশ্ব নম্বর এক সৌরভ চৌধুরী সোনা জেতেন, কামলজিৎ চৌধুরী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন রবীন্দর সিং যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পান। জুনিয়র বিভাগে সোনা জেতেন যোগেশ কুমার।
১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে প্রথমদিকে পঞ্চম স্থানে থাকলেও ১৮তম শটের পর ধীরে ধীরে শীর্ষে ওঠেন এলাভেনিল। চাপের মুখেও স্থিরতা বজায় রেখে তিনি সোনা নিশ্চিত করেন। নোবাতা মিসাকি ও মেঘনা সাজ্জনার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। এলিমিনেশন পর্যায়ে এলাভেনিল গড়ে ১০.৬ স্কোর করেন, যার মধ্যে একটি ১০.৯ ছিল। দলগত বিভাগেও ভারত সোনা জেতে ১৮৯২.৬ সম্মিলিত স্কোরে।
জুনিয়র ফাইনালে শম্ভাভী ক্ষীরসাগর ২৫৩.৭ স্কোর করে নতুন এশিয়ান জুনিয়র রেকর্ড গড়েন, যা ২০২৪ সালে ইশা অনিল টাকসালের করা ২৫৩.১ স্কোরকে ছাপিয়ে যায়। মান্যতা সিং ২৪৯.৭ স্কোর করে রুপো ও অনীশা শর্মা ২২৭.৫ স্কোর করে ব্রোঞ্জ জেতেন। শম্ভাভী, অনীশা ও সান্দ্রাতা রায় মিলে দলগত সোনাও নিশ্চিত করেন।
যুব বিভাগে ওজস্বী ঠাকুর ২৫০.৪ স্কোর করে সোনা জেতেন। তিনি অনভি বিক্রম রাঠোর ও হৃদয়া শ্রী কন্দুরের সঙ্গে দলগত বিভাগেও সোনা যোগ করেন।
৫০ মিটার পিস্তল মেনস টিম ইভেন্টে ভারত সোনা জেতে, উজবেকিস্তান রুপো ও ভিয়েতনাম ব্রোঞ্জ পায়। এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের পদক রবিবার দেওয়া হবে।
