গুজরাত, ২২ ফেব্রুয়ারি : আরব সাগরের ভারতীয় জলসীমায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি নৌকাকে আটক করল Indian Coast Guard। নৌকাটি থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার হয়েছে। ঘটনায় ইরানের ছয়জন নাবিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, নিয়মিত টহলদারির সময় ছোট নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে থামানো হয়। ভারতীয় জলসীমায় প্রবেশ করলেও নাবিকরা কোনও বৈধ নথি বা অনুমতি দেখাতে পারেননি। এরপর তল্লাশি চালিয়ে নৌকার ভিতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এই সিগারেট ভারতে ঢোকানোর চেষ্টা হচ্ছিল।
এক আধিকারিক জানান, নৌকাটির গতিবিধি অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং নিয়ম মেনেই সেটিকে আটক করা হয়েছে। আটক নাবিকরা কোথা থেকে রওনা দিয়েছিল এবং ভারতের কোন উপকূলে পৌঁছানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চোরাচালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় জলসীমায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।
