তিন দিনের সফরে সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের কর্মসূচি শেষ করে দমদম বিমানবন্দরে নামার পর তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকেই তিনি সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে যান এবং সেখানে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন। বৈঠক শেষে নিউটাউনের একটি হোটেলে রাত্রিবাস করেন শাহ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি, কর্মী-নেটওয়ার্ক এবং ভোট-প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। শাহের সফরসূচির প্রায় পুরোটাই কলকাতা ও আশপাশের এলাকায় সীমাবদ্ধ রাখা হয়েছে, যা থেকে স্পষ্ট যে এই সফরে মূল গুরুত্ব পাচ্ছে সাংগঠনিক রূপরেখা ও কৌশল নির্ধারণ।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিনভর কর্মসূচিতে রয়েছে একাধিক বৈঠক। দুপুরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলে বিজেপি সূত্রে ইঙ্গিত মিলেছে। সেই বৈঠকে এসআইআর সংক্রান্ত বিতর্কে কেন্দ্রের অবস্থান স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুলে বিরোধীরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। এই ইস্যু আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত।
মঙ্গলবার দুপুরের পর বিধাননগরে ধারাবাহিকভাবে দু’টি সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। বুধবার সকালে তিনি কলকাতার ইসকন মন্দিরে দর্শনে যাবেন। এরপর দলীয় নেতাদের সঙ্গে আরও এক দফা বৈঠক করে মধ্যাহ্নভোজনের পর সায়েন্স সিটিতে একটি সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এই সফরে তাঁর বক্তব্য ও নির্দেশনাই আগামী দিনে বাংলায় বিজেপির রাজনৈতিক রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
