ইসলামাবাদ: আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়তেই নতুন প্রচারযুদ্ধ শুরু করেছে পাকিস্তান। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখন ‘টু-ফ্রন্ট ওয়ার’ বা দ্বিমুখী যুদ্ধের আশঙ্কা দেখিয়ে ভারতকে নিশানা করার চেষ্টা করছে।
সূত্রের খবর, আফগান সীমান্তে তালিবান বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম ও প্রাক্তন সামরিক কর্মকর্তারা ভারতকে ‘দ্বিতীয় ফ্রন্ট’ হিসেবে তুলে ধরে বক্তব্য দিচ্ছেন। তাঁদের দাবি, “ভারত পাকিস্তানের পশ্চিম সীমান্তে অস্থিরতা বাড়াতে ভূমিকা রাখছে।”
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই প্রচারণা আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার কৌশল। আফগান সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা থেকে জনগণের নজর সরাতেই ইসলামাবাদ এই “প্রচার যুদ্ধ” শুরু করেছে।
ভারতের কূটনৈতিক মহলের এক সূত্র জানায়, “পাকিস্তান এই মুহূর্তে নিজেই একাধিক সংকটে জর্জরিত। তাই তারা মিথ্যা প্রচারণার মাধ্যমে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের খোস্ত ও নংগরহার প্রদেশে পাক সেনা ও তালিবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতেই ইসলামাবাদের মিডিয়া ঘরানায় ‘দ্বিমুখী যুদ্ধের’ ভয় দেখিয়ে ভারতের বিরুদ্ধে নতুন আক্রমণাত্মক বয়ান ছড়ানো হচ্ছে।
