February 14, 2026
দেশ

মুখ্যমন্ত্রী যোগীর পাশে অল ইন্ডিয়া সন্ত সমিতি, আখিলেশের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

লখনউ, ১৪ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ঘিরে শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর সঙ্গে চলা বিতর্কের মধ্যেই তাঁর পাশে দাঁড়াল অল ইন্ডিয়া সন্ত সমিতি। এদিকে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব যোগীকে কটাক্ষ করে বলেন, “কান ফুটো করে গেরুয়া পরলেই কেউ যোগী হয়ে যায় না।” এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে।

অল ইন্ডিয়া সন্ত সমিতির জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী আখিলেশের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, রাজনীতি করা যেতে পারে, কিন্তু ভাষার শালীনতা বজায় রাখা উচিত। তাঁর বক্তব্য, “কাউকে সাধু, সন্ত বা সন্ন্যাসী বলে সার্টিফিকেট দেওয়ার অধিকার আখিলেশ যাদবের নেই।” তিনি আরও বলেন, যে শঙ্করাচার্যের গুরু-পরম্পরা সংক্রান্ত বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং যার অভিষেক নিয়ে প্রশ্ন রয়েছে, সেই ইস্যুতে আদালতের রায় আসার আগেই সমর্থন জানানো নিন্দনীয়।

স্বামী জিতেন্দ্রানন্দের দাবি, যোগী আদিত্যনাথের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তিনি বলেন, আখিলেশ যাদব যেখানে পিতার রাজনৈতিক উত্তরাধিকারের ভিত্তিতে রাজনীতি করছেন, সেখানে যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ পীঠের তৃতীয় প্রজন্মের মহন্ত এবং একই সঙ্গে জননেতা। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে।

Related posts

Leave a Comment