প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত গতিপথে ভারত উন্নত দেশের লক্ষ্যে দৃঢ়ভাবে এগোচ্ছে বলে মন্তব্য করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার রাজধানীতে আয়োজিত বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের গতি এতটাই শক্তিশালী যে, নিরবচ্ছিন্ন হস্তক্ষেপ ছাড়াও ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী যে গতি ও দিশা নির্ধারণ করেছেন, সেই গতিতেই ভারত এগোবে, এমনকি যদি তা ‘অটোপাইলট’ মোডেও চলে।
তবে ডোভাল সতর্ক করে বলেন, কেবল উন্নয়নই যথেষ্ট নয়, নেতৃত্বই ঠিক করবে ভারত কী ধরনের উন্নত দেশ হয়ে উঠবে।যুবসমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা—সব ক্ষেত্রেই এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অপরিহার্য এবং তা ছোট বয়স থেকেই গড়ে তুলতে হয়। তিনি প্রশ্ন তোলেন, উন্নত ভারতের নেতৃত্ব দেবে কারা এবং তারা কতটা সক্ষম হবে।জাতীয় ইচ্ছাশক্তি প্রসঙ্গে ডোভাল বলেন, যুদ্ধ আসলে ধ্বংসের জন্য নয়, বরং একটি দেশের মনোবল ভাঙার জন্যই সংঘটিত হয়।
তাঁর কথায়, যুদ্ধের মূল লক্ষ্য হলো প্রতিপক্ষের ইচ্ছাশক্তিকে নতজানু করা। যদি কোনও জাতির মনোবল দুর্বল হয়, তবে অস্ত্র ও সম্পদ থাকা সত্ত্বেও তা অর্থহীন হয়ে পড়ে। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত ইচ্ছাশক্তিই একসময় জাতীয় শক্তিতে পরিণত হয়।গত এক দশকে দেশের দ্রুত অগ্রগতির জন্য বর্তমান নেতৃত্বের দৃঢ়তা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন ডোভাল। উল্লেখ্য, ভারত মণ্ডপমে আয়োজিত বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২.০ শুরু হয়েছে শনিবার এবং তা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে।
