এয়ার ইন্ডিয়ার সিঙ্গাপুরগামী একটি বিমান মাঝ আকাশে কারিগরি সমস্যার মুখে পড়ার পর বৃহস্পতিবার ভোরে দিল্লিতে ফিরে আসে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ১৯০ জন যাত্রী নিয়ে উড়ানটি বুধবার গভীর রাতে যাত্রা শুরু করেছিল এবং বৃহস্পতিবার রাত ১টা নাগাদ নিরাপদে দিল্লিতে অবতরণ করে।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানটি (ফ্লাইট নম্বর AI 2380) উড্ডয়নের কিছুক্ষণ পরই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (APU)-এ অগ্নিসংকেত পায়। এর পরই পাইলটরা
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড টিম যাত্রীদের সব ধরনের সহায়তা প্রদান করে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের পর সন্দেহজনক কারিগরি সমস্যার কারণে অপারেটিং ক্রু সতর্কতামূলকভাবে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে যাত্রীদের বিকল্প বিমানে করে সিঙ্গাপুরে পাঠানো হয় বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে।
