November 29, 2026
খেলা

ম্যাকলারেনের গোলে ডার্বি জয় মোহনবাগানের

সংবাদ কলকাতা: মরসুমের প্রথম ডার্বিতেই বাজিমাত মোহনবাগান সুপার জায়ান্টের। চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেই নায়ক জেমি ম্যাকলারেন। তাঁর একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল সবুজ-মেরুন ব্রিগেড। অন্য দিকে, এই হারের ফলে লিগ তালিকায় নেমে গেল ন’নম্বরে লাল-হলুদ শিবির।

রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় ৪৮ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত ডার্বিতে দুই দলের খেলাতেই ছিল ভুলের আধিক্য। আক্রমণ তৈরি করলেও একাধিক সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি কোনও পক্ষই। শেষ পর্যন্ত ম্যাকলারেনের নিখুঁত ফিনিশিংয়েই পার্থক্য গড়ে যায়।

চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর এ দিন মোহনবাগানের প্রথম একাদশে ফেরেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড ম্যাকলারেন। শুরু থেকেই তাঁকে আক্রমণের দায়িত্বে দেখা যায়। অন্য দিকে, দিয়েগো জিভুলিচকে ২০ জনের দলেই রাখেনি ইস্টবেঙ্গল। যদিও আগের দিন সাংবাদিক বৈঠকে কোচ অস্কার ব্রুজোঁ জানিয়েছিলেন, তিনি সুস্থ। মোহনবাগানের প্রথম একাদশে প্রত্যাশিত ফুটবলারদেরই জায়গা হয়েছিল। ইস্টবেঙ্গল চার বিদেশি নিয়ে মাঠে নামলেও মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন তিন বিদেশি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে মোহনবাগান। উঁচু রক্ষণরেখা রেখে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নেন সবুজ-মেরুন কোচ। তবে পাঁচ মিনিটের পর থেকে পাল্টা আক্রমণে ওঠে ইস্টবেঙ্গলও। ১০ মিনিটের মাথায় ডেভিড লালনসাঙ্গা বক্সে ঢুকে শট নিলেও তা আটকে দেন আলবার্তো রদ্রিগেজ।

মাঝমাঠে অনিরুদ্ধ থাপা ও আপুইয়াদের সঙ্গে যোগ দেন আলবার্তো এবং শুভাশিস বসু। ফলে মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলেও রক্ষণে কিছুটা ফাঁকা জায়গা তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে আকে লোবা একা বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত তাঁকে আটকে দেন রাহুল ভেকে।

৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় মোহনবাগান। বাঁ দিক থেকে শুভাশিস বসুর ক্রস পেয়ে বক্সের সামনে থেকে শট নেন অনিরুদ্ধ থাপা। কিন্তু তাঁর শট বারের উপর দিয়ে চলে যায়।

এর পর ইস্টবেঙ্গলও গোলের একাধিক সুযোগ তৈরি করে। জয় গুপ্তা এবং আকে লোবা দু’জনেই গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। প্রথম ক্ষেত্রে গোলকিপার বিশাল কয়েথ এগিয়ে আসায় ফাঁকা গোলে বল পাঠানোর সুযোগ পেয়েছিলেন জয়। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের সুযোগে জয়ের পাস থেকে বল পেয়েও গোল করতে পারেননি লোবা। তাঁকে আটকে দেন আলবার্তো।

প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে ডেভিডের নেওয়া জোরালো শট দুর্দান্ত দক্ষতায় বাঁচান বিশাল কয়েথ। বিরতির আগে দুই দলই একাধিক আক্রমণ করলেও গোলে বল রাখতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ছবিটা খুব একটা বদলায়নি। ফ্রিকিক থেকে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মহম্মদ রশিদ। অন্য দিকে, গোলের সামনে বল পেয়েও তা জালে জড়াতে পারেননি ম্যাকলারেন। পরের মিনিটেই মেহতাব সিংয়ের ক্রস থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। কিন্তু তিনিও ব্যর্থ হন।

খেলার গতি বাড়াতে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পরিবর্তন আনেন মোহনবাগান কোচ। মনবীরের পরিবর্তে সামির জেলকোভিচ এবং দ্রাজিচের পরিবর্তে লিস্টন কোলাসোকে মাঠে নামানো হয়। এই পরিবর্তনের পর আক্রমণে আরও গতি আসে সবুজ-মেরুনের।
৬৪ মিনিটে কোলাসোর ফ্রিকিক থেকে গোলের সুযোগ তৈরি হয়। তাঁর ভাসানো বল ইস্টবেঙ্গল গোলকিপার ফুর্বা লাচেনপার হাত থেকে বেরিয়ে আসে। ফিরতি বলে শট নেন লালিয়ানজুয়ালা ছাঙতে। কিন্তু ফুর্বার মুখে লেগে বল ফিরে আসে।

অবশেষে ৬৬ মিনিটে আসে বহু প্রতীক্ষিত গোল। ডান দিক থেকে মেহতাব সিংয়ের বাড়ানো বল বক্সের সামনে পান লিস্টন কোলাসো। সেখান থেকে ম্যাকলারেনের উদ্দেশে বল বাড়ান তিনি। গোলকিপার এগিয়ে আসার সুযোগ নিয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড। তাঁর গোলেই এগিয়ে যায় মোহনবাগান।

গোলের পর ইস্টবেঙ্গলের কর্নার ফ্ল্যাগ নিয়ে ছক্কা মারার ভঙ্গি করেন ম্যাকলারেন। এই আচরণের জন্য হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে। তবে তাতে সবুজ-মেরুন শিবিরের উচ্ছ্বাসে কোনও ঘাটতি পড়েনি।

গোল খাওয়ার পর আক্রমণে নতুন শক্তি আনতে লোবার পরিবর্তে পিভি বিষ্ণুকে নামায় ইস্টবেঙ্গল। কিন্তু তাতেও সমতা ফেরানো সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিকে রক্ষণ আরও শক্ত করে নেয় মোহনবাগান। এক গোলের ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ডার্বি জিতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাকলারেনের প্রত্যাবর্তন এবং তাঁর নির্ণায়ক গোলেই মরসুমের প্রথম ডার্বিতে হাসি ফুটল মোহনবাগান সমর্থকদের মুখে। এই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষস্থানও ধরে রাখল তারা।

Related posts

Leave a Comment