সংবাদ কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার নতুন সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। পরপর দু’বার সূচি পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত দিনক্ষণ জানানো হল। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি।
এর আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, প্রথমে ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে শেষ মুহূর্তে সেই কর্মসূচি স্থগিত করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে ভোটার তালিকা প্রকাশ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে নতুন সূচি প্রকাশ করে সেই জল্পনার অবসান ঘটাল কমিশন।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া তালিকা। এরপর ১৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটারেরা নিজেদের নাম, ঠিকানা কিংবা অন্যান্য তথ্যের ভুল সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। ভোটার তালিকা নিয়ে কোনও দাবি বা আপত্তি থাকলেও এই সময়ের মধ্যে তা জমা দেওয়া যাবে।কমিশন জানিয়েছে, জমা পড়া সমস্ত দাবি
ও আপত্তির নিষ্পত্তি করতে হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে। যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
খসড়া তালিকায় নাম, ঠিকানা কিংবা ব্যক্তিগত তথ্যে কোনও ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন ভোটারেরা। এ জন্য ভোটারদের নিজেদের তথ্য ভালো করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি দূর করতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আগের নির্দেশিকায় জানানো হয়েছিল, যাঁদের তথ্যের সঙ্গে নথির অমিল রয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের তথ্য যাচাই করতে হবে। সংশোধনের কাজেও যাতে কোনও ভুল না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের বক্তব্য, আধার বা প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিতে ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা সংশোধন করতে হয়। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে অনেক সময় নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ কিংবা ঠিকানার মতো তথ্যে ভুল থেকে যায়। সেই পরিস্থিতি বদলাতেই এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ভোটার তালিকায় কারও নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য তথ্যে ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। তবে শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই তথ্য সংশোধনের কাজ করা যাবে।
