ঢাকা— ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা সত্ত্বেও ক্ষোভ কমল না বাংলাদেশের পোশাকশ্রমিকদের। মাসে ৩০ হাজার বাংলাদেশি টাকা মজুরির দাবিতে বুধবার সকাল থেকে ফের রাস্তায় নামলেন তাঁরা। গাজীপুর-সহ একাধিক এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। এর জেরে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতির জেরে গাজীপুরের ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা বলে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বর্তমানে ছিল ১২ হাজার ৫০০ টাকা। এই মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন শ্রমিকেরা। তাঁদের দাবি ছিল, বর্তমান বাজারদরে সংসার চালাতে এই বেতন যথেষ্ট নয়। সেই আন্দোলনের জেরে মঙ্গলবার দীর্ঘ বৈঠকে বসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গঠিত নতুন মজুরি বোর্ড।
বৈঠকের পর ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার ঘোষণা করা হয়। অর্থাৎ, সর্বনিম্ন মজুরির ক্ষেত্রে এক ধাক্কায় ৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি বিভিন্ন পদ ও গ্রেডেও বেতন বাড়ানো হয়েছে। সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। দ্বিতীয় গ্রেডের অপারেটরদের বেতন ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জুনিয়র অপারেটরদের তৃতীয় গ্রেডে মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে।

তবে সরকারের এই ঘোষণায় সন্তুষ্ট নন শ্রমিকদের একাংশ। তাঁদের বক্তব্য, মজুরি বাড়লেও ১৭ হাজার টাকায় বর্তমান খরচ সামলে সংসার চালানো সম্ভব নয়। তাই ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বুধবার সকাল থেকেই গাজীপুর-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কে অবরোধের জেরে দীর্ঘ যানজট তৈরি হয়। আটকে পড়েন বহু যাত্রী। গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে সমস্যায় পড়েন অনেকে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
অবরোধ চলাকালীন কয়েকটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর আগে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কের গাজীপুর এলাকায় একটি পুলিশ চৌকিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। একদিকে মজুরি বৃদ্ধির সরকারি ঘোষণা, অন্যদিকে শ্রমিকদের ৩০ হাজার টাকার দাবিতে অনড় অবস্থান—এই টানাপড়েনে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
