সংবাদ কলকাতা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর চর্চা। তবে বুধবারই সেই বিতর্কে ইতি টানতে চাইলেন তিনি। প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, প্রয়াত রাষ্ট্রপতিকে নিয়ে আর কোনও অযথা আলোচনা বা বিতর্ক চান না তিনি।
মঙ্গলবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রণব মুখোপাধ্যায়ই তাঁকে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন। রাষ্ট্রপতি থাকাকালীন রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু। তখন তিনি তৃণমূলের সাংসদ ও দলের গুরুত্বপূর্ণ নেতা। সেই সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব তাঁকে দল ছাড়ার পরামর্শ দেন বলে দাবি মুখ্যমন্ত্রীর।
সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, প্রণব মুখোপাধ্যায় তাঁকে জানিয়েছিলেন, ‘এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদিজির সঙ্গে থাকো।’ নিজের প্রাক্তন দল সম্পর্কে প্রশ্নের উত্তরে তৃণমূলকে একটি সংস্থার সঙ্গে তুলনা করেন তিনি। জানান, সেখানে তিনিও কর্মীর মতো ছিলেন। নিজের শর্তে এগিয়ে যাওয়ার জন্যই দল ছেড়েছিলেন। আর সেই সিদ্ধান্তের পিছনে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে দাবি করেন তিনি।

শুভেন্দুর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন ঠিক কবে এই কথোপকথন হয়েছিল, তা নিয়ে আলোচনা শুরু হয়। কারণ, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন এবং রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন।
বুধবার কোচবিহারের রাসমেলায় গিয়ে ফের প্রণব প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। তবে এ দিন আর বিতর্ক বাড়াতে চাননি তিনি। শুভেন্দু বলেন, ‘প্রণববাবু এখন ঈশ্বরলোকে গিয়েছেন। তিনি আমাদের মধ্যে নেই। তিনি মহামানব।’ পাশাপাশি তাঁর মন্তব্য, প্রণব মুখোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধেয় ও নমস্য মানুষ। তাঁকে নিয়ে আর অযথা আলোচনা হোক, তা তিনি চান না।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার কয়েক মাস আগেই প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল বলে দাবি করে এসেছেন শুভেন্দু। প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীতেও শুভেন্দুর প্রশংসার উল্লেখ রয়েছে। মঙ্গলবারের সাক্ষাৎকারে সেই সম্পর্কের প্রসঙ্গ সামনে আনলেও, বুধবার তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রয়াত রাষ্ট্রপতিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক চান না মুখ্যমন্ত্রী।
