November 22, 2026
দেশ বিদেশ

মেসির বল ছোড়া কাণ্ড, দেখলেন হলুদ কার্ড

সংবাদ কলকাতা: মাঠে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ফুটবলারের মাথায় বল ছুড়ে মারলেন লিয়োনেল মেসি। এই ঘটনায় লাল কার্ড দেখার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত হলুদ কার্ড পেয়েই রক্ষা পেলেন ইন্টার মায়ামির অধিনায়ক। এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোয় কলম্বাস ক্রুর বিরুদ্ধে ম্যাচে মেসির এমন আচরণ ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটনাটি ঘটে। শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাস ক্রুকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। এর কিছুক্ষণ পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মায়ামির গঞ্জালো লুহানকে। ফলে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সেই উত্তাপের আঁচ পড়ে মেসির আচরণেও।

বিরতির ঠিক আগে থ্রো-ইন করার জন্য সাইডলাইনের বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। তাঁর কাছেই ছিলেন কলম্বাসের চিলির স্ট্রাইকার তাপিয়া। মেসিকে থ্রো-ইন করতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে হালকা ধাক্কা দেন মেসি। কিন্তু তাতেও জায়গা ছাড়েননি প্রতিপক্ষের ফুটবলার। বরং লাফিয়ে উঠে থ্রো আটকানোর চেষ্টা করেন।

এর পরেই নিয়ন্ত্রণ হারান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সরাসরি তাপিয়ার মাথা লক্ষ্য করে বল ছুড়ে মারেন তিনি। বল মাথায় লাগতেই মাটিতে পড়ে যান কলম্বাসের ফুটবলার। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেফারি অ্যালেন চ্যাপম্যান। মেসি এবং তাপিয়া দু’জনকেই হলুদ কার্ড দেখান তিনি। যদিও মেসির এই আচরণের জন্য লাল কার্ডের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

মাঠের এই বিতর্কের পাশাপাশি ফলাফলও স্বস্তি দেয়নি মায়ামিকে। কলম্বাস ক্রুর বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গিয়েছে মেসির দল। গত মরসুমে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মায়ামি। ফলে এ বার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল তাদের সামনে।

পরের লেগে কলম্বাস ক্রুকে বড় ব্যবধানে হারাতে হবে মায়ামিকে। নইলে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হবে গতবারের চ্যাম্পিয়নদের। মাঠের বাইরের বিতর্ক এবং মাঠের ভিতরের ব্যর্থতা, দুইয়ের চাপ নিয়েই এখন পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে মেসিদের।

Related posts

Leave a Comment