November 4, 2026
রাজ্য

খড়্গপুরে ১.৪ কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার যাত্রী

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর— ট্রেনের যাত্রাপথেই ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা পাচারের ঘটনা। খড়্গপুর স্টেশন থেকে ৫০০ টাকার ২৮০ বান্ডিল নোট উদ্ধার করল রেল পুলিশ। মোট টাকার পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লক্ষ। ঝাড়খণ্ডের টাটানগর থেকে হাওড়ার উদ্দেশে জনশতাব্দী এক্সপ্রেসে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনায় রাহুল সোনি নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে খড়্গপুর জিআরপি।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জনশতাব্দী এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে পৌঁছলে সাত নম্বর প্ল্যাটফর্মে এক যাত্রীর গতিবিধি নজরে আসে কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁর পিঠে একটি এবং হাতে দু’টি ব্যাগ ছিল। পুলিশকর্মীরা তাঁর দিকে এগিয়ে যেতেই তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয়।

এর পর জিজ্ঞাসাবাদ শুরু হলে রাহুলের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রের দাবি। সন্দেহ বাড়ায় তাঁর সঙ্গে থাকা ব্যাগগুলিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় একের পর এক ৫০০ টাকার নোটের বান্ডিল। সব মিলিয়ে ২৮০ বান্ডিল নগদ পাওয়া গিয়েছে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি ওই যাত্রী।

ঘটনার গুরুত্ব বুঝে আয়কর দপ্তরকে খবর দেয় খড়্গপুর জিআরপি। পরে রাহুলকে গ্রেপ্তার করা হয়। খড়্গপুরের জিআরপি সুপার জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতের বাড়ি হাওড়ায়। জিজ্ঞাসাবাদে তিনি টাটানগর থেকে ওই টাকা হাওড়ায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে জিআরপি সূত্রের দাবি। তবে টাটানগরে কার কাছ থেকে তিনি এই টাকা পেয়েছিলেন, কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আর কেউ যুক্ত রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, হাওড়া স্টেশন ও তার আশপাশে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এ বার খড়্গপুর স্টেশনেও প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় রেল পুলিশের নজরদারি ও তদন্ত আরও জোরদার হয়েছে। একই সময়ে দক্ষিণ ২৪ পরগনার সরিষাতেও এক কোটির বেশি টাকা উদ্ধারের খবর সামনে এসেছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment