30 C
Kolkata
October 18, 2026
খেলা

তিন থেকে পাঁচে নেমেও আপত্তি নেই তিলকের

সংবাদ কলকাতা— একসময় ভারতীয় টি-টোয়েন্টি দলের তিন নম্বরে ব্যাট করতে নামা তিলক বর্মাকে এখন পাঁচ বা ছয় নম্বরে খেলতে হচ্ছে। ঈশান কিশনের ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটিং অর্ডারে বদল এলেও তা নিয়ে প্রকাশ্যে কোনও অভিযোগ করছেন না তিলক। বরং দলের প্রয়োজন মেনে নতুন ভূমিকায় নিজেকে তৈরি করছেন তিনি। লক্ষ্য, ম্যাচের শেষ দিকে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়া।

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর নিজের ব্যাটিং পজিশন নিয়ে মুখ খোলেন তিলক। তিনি স্বীকার করেছেন, তিন নম্বর থেকে আচমকা পাঁচ বা ছয় নম্বরে নেমে ব্যাট করা সহজ নয়। তবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নিয়মিত অনুশীলন করছেন তিনি।

তিলকের কথায়, ‘তিন থেকে আচমকা পাঁচ-ছয়ে নেমে যাওয়া সহজ নয়। বেশ কঠিন। তবে সেটা নিয়ে কাজ করছি। কী ভাবে ম্যাচ শেষ করতে পারি, সেটা নিয়ে ভাবছি। দেশের হয়ে ম্যাচ জেতাতে পারলে ভাল লাগে। কাজটা আমি পছন্দ করি। তবে ব্যক্তিগত ভাবে তিনে নেমে ম্যাচ শেষ করতে পারলেই বেশি ভাল লাগবে।’

তিন নম্বরে ব্যাট করার অভ্যাস থাকায় নতুন পজিশনে মানিয়ে নেওয়া তাঁর কাছে চ্যালেঞ্জের। তবে দলের কম্বিনেশনকে গুরুত্ব দিচ্ছেন তিলক। ঈশান কিশন তিন নম্বরে ধারাবাহিক ভাবে ভালো খেলায় আপাতত পাঁচ বা ছয়ে নামতে হচ্ছে তাঁকে। এই সিদ্ধান্তকে মেনে নিয়ে মানসিক ভাবেও নিজেকে প্রস্তুত করে ফেলেছেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটার।


তিলক বলেন, ‘দুর্ভাগ্যবশত এখন পাঁচ-ছয়ে ব্যাট করতে হচ্ছে। এটাই দলের কম্বিনেশন। তিনে নেমে অসাধারণ খেলছে ঈশান। তাই পাঁচ-ছয়ে ব্যাট করা ছাড়া আমার হাতে এখন কোনও বিকল্প নেই। মানসিক ভাবে নিজেকে প্রস্তুতও করে ফেলেছি।’

নতুন ভূমিকায় যে তিনি একেবারে ব্যর্থ হচ্ছেন, এমনটাও নয়। তিলকের দাবি, সাম্প্রতিক কয়েকটি ম্যাচেই দলকে জেতাতে পেরেছেন তিনি। তাই ভবিষ্যতেও এই পজিশনে সফল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যাট করার জন্য নিজেকে তৈরি রাখাই এখন তাঁর লক্ষ্য।

ভারতীয় দলের টি-টোয়েন্টি ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন তিলকের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে ব্যক্তিগত পছন্দের চেয়ে দলকে এগিয়ে রাখার বার্তাই দিয়েছেন তিনি। তিন নম্বরে ফেরার ইচ্ছা থাকলেও আপাতত পাঁচ বা ছয়ে নেমে ম্যাচ শেষ করার দক্ষতা বাড়াতেই মন দিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।

Related posts

Leave a Comment