সংবাদ কলকাতা— নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে ব্যাটিংয়ের ছন্দ ফিরে পেতে রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন শুভমন গিল। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনি। ছত্তিশগড়ের বিরুদ্ধে মাত্র এক রান করেই বোল্ড হয়ে ফিরলেন ভারতীয় দলের তারকা ব্যাটার। তাঁর আউট হওয়ার ধরনও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে স্পিনের বিরুদ্ধে তাঁর দক্ষতা নিয়ে।
২৬তম ওভারের প্রথম বলে বিহান মলহোত্র আউট হওয়ার পর ক্রিজ়ে আসেন শুভমন। দ্বিতীয় বলেই একটি খুচরো রান নিয়ে খাতা খোলেন তিনি। কিন্তু বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেননি। ২৭তম ওভারে বল করতে আসেন অজয় মণ্ডল। তাঁর বল সামনে এগিয়ে এসে খেলতে যান শুভমন। কিন্তু বলের লাইনে ঠিকমতো পৌঁছতে পারেননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক দিয়ে বল ঢুকে স্টাম্প ভেঙে দেয়।
আউট হওয়ার পর কিছুক্ষণ অবিশ্বাসের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শুভমনকে। তার পর হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন তিনি। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে নিজেকে তৈরি করার যে পরিকল্পনা নিয়ে ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন, এই ইনিংস সেই প্রস্তুতিতে বড় ধাক্কা দিল।
শুভমনের এই ব্যর্থতার পর সমর্থকদের একাংশ তাঁর স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে এক স্পিনারের বলে এ ভাবে বোল্ড হওয়ায় সমালোচনা শুরু হয়েছে। তবে একটি ইনিংসের ভিত্তিতে তাঁর সামগ্রিক ফর্ম বা নিউ জ়িল্যান্ড সিরিজ়ে পারফরম্যান্স সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে ভালো খেলতে হলে শুভমনকে দ্রুত ছন্দ ফিরে পেতে হবে। রঞ্জি ট্রফির এই ম্যাচে সেই লক্ষ্য পূরণ না হলেও, পরের ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে তাঁর সামনে।
previous post
next post
