সংবাদ কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম বার দুর্গাপুজোর পুরস্কার ঘোষণা করল নতুন বিজেপি সরকার। ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর তালিকায় ‘সেরার সেরা’ বিভাগে প্রথম স্থান পেয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ দেওয়া হত। এ বার নতুন সরকারের অধীনে দুর্গাপুজোর সম্মাননার নাম ও আয়োজনের ধরনে পরিবর্তন এসেছে। তথ্য ও সংস্কৃতি বিভাগ, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মাননায় মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সমাজ সচেতনতার মতো বিভিন্ন বিভাগে পুজো কমিটিগুলিকে বেছে নেওয়া হয়েছে।
‘সেরা প্রতিমা’ বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় স্থানে টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি, তৃতীয় স্থানে বেহালা অরুণোদয় সমিতি এবং চতুর্থ স্থানে রয়েছে আহিরীটোলা সর্বজনীন।
আলোকসজ্জা’ বিভাগে প্রথম স্থান পেয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং শিবমন্দির সর্বজনীন দুর্গাপুজো।
পরিবেশবান্ধব পুজোর স্বীকৃতিও দেওয়া হয়েছে তিনটি কমিটিকে। ‘সেরা পরিবেশবান্ধব’ বিভাগে প্রথম হয়েছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। দ্বিতীয় স্থানে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক এবং তৃতীয় স্থানে রাজডাঙা নব উদয় সংঘ।
সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সচেতনতামূলক বার্তার জন্য ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি। দ্বিতীয় হয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তৃতীয় চক্রবেড়িয়া সর্বজনীন এবং চতুর্থ অজেয় সংহতি।
এ ছাড়াও সামগ্রিক মণ্ডপসজ্জা ও আয়োজনের স্বীকৃতি হিসেবে চারটি পুজো কমিটিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বি জি লাইনস আবাসন দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়ার, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক সর্বজনীন বা এসবি পার্ক এবং সমাজসেবী সংঘ। সব মিলিয়ে এ বছরের ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এ মোট ২৩টি পুজো কমিটি জায়গা পেয়েছে।
